৭ দিন ব্যাংক বন্ধের শুরুতেই বুথে টাকার সংকট

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকার শুরুতেই বিকল্প লেনদেনের প্রধান মাধ্যম এটিএম বুথগুলোতে নগদ অর্থের

2026-05-25T21:22:04+00:00
2026-05-25T21:22:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
৭ দিন ব্যাংক বন্ধের শুরুতেই বুথে টাকার সংকট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:২২ পিএম 
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকার শুরুতেই বিকল্প লেনদেনের প্রধান মাধ্যম এটিএম বুথগুলোতে নগদ অর্থের তীব্র সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন এটিএম সেবা নিশ্চিত করার নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের বুথেই টাকা মিলছে না। 

আবার কোনো কোনো বুথে টাকা উত্তোলনের ওপর অঘোষিত সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে কোরবানির ঈদের এই জরুরি সময়ে বুথ থেকে বুথে ঘুরেও প্রয়োজনীয় অর্থ না পেয়ে চরম ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। 

রোববার ও সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের ক্ষোভ থেকে এমন চিত্র জানা গেছে।

রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বিশেষ করে দুর্বল ও সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর অধিকাংশ এটিএম বুথে টাকা না থাকায় সেবা সম্পূর্ণ অচল হয়ে রয়েছে। গ্রাহকদের অভিযোগ, ভালো অবস্থানে থাকা কিছু ব্যাংকও নগদ টাকা উত্তোলনের ওপর নিজস্ব সীমা আরোপ করেছে। 

আবার যেসব ব্যাংকের বুথ সচল রয়েছে, সেগুলোর কোনো কোনোটি থেকে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলার সুযোগ বন্ধ রাখা হয়েছে। মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মিরপুরের ডাচ-বাংলা ব্যাংকের তিনটি বুথ ঘুরেও টাকা তুলতে পারলাম না, এটিএম বুথে টাকা নেই।’

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করেছে। কোনো ব্যাংকই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা না পেয়ে ফিরে যায়নি। এখন কোনো ব্যাংক যদি নিজস্ব গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ সরবরাহে ব্যর্থ হয়, সেটি তাদের নিজস্ব ব্যবস্থাপনার বিষয়।’ 

তিনি আরও যোগ করেন, প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ে নিরবচ্ছিন্নভাবে চালু রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যাংক যদি এই বিষয়ে অবহেলা করে গ্রাহকসেবায় ব্যাঘাত ঘটায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গ্রাহকদের ভোগান্তি এড়াতে ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবারই বিশেষ নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছিল—ঈদের ছুটির সময় এটিএম বুথে সার্বক্ষণিক পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। এছাড়া পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও এমএফএস সেবা সচল রাখা এবং গ্রাহকদের জন্য হেল্পলাইন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। ফলে ব্যাংক খোলার আগে এই আর্থিক সংকট কাটবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: