ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় সাভারের বিভিন্ন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন অংশে বিকেলের পর থেকে যানবাহন থেমে থেমে চলতে দেখা গেছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটে আটকে পড়েছে যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাক।
সরেজমিনে দেখা যায়, সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, নবীনগর ও বাইপাইল এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল যানজট আরও বাড়িয়ে তুলছে। এছাড়া গেন্ডা ইউটার্ন, পাকিজা ইউটার্ন, রেডিও কলোনি, নবীনগর ও বাইপাইল এলাকায় বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণেও সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
এদিকে সড়ক-মহাসড়কে যাত্রীর চাপ বাড়ার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
শ্যামলী পরিবহনের চালক মো. মনিরুল ইসলাম বলেন, ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। অতিরিক্ত যাত্রীর কারণে ভোগান্তিও বাড়ছে।
অন্যদিকে এখনও পুরোপুরি ঈদের ছুটি শুরু হয়নি পোশাক কারখানাগুলোতে। তথ্যমতে, সোমবার (২৫ মে) থেকে পর্যায়ক্রমে অধিকাংশ কারখানায় ছুটি শুরু হবে। ফলে আগামী কয়েকদিনে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/জেডি