নারায়ণগঞ্জ থেকে মাগুরাগামী ৬০ ব্যারেল ভোজ্যতেল বোঝাই ট্রাক ছিনতাই এবং চালক আব্দুর রহমানকে হত্যার ঘটনায় প্রধান আসামি হিটলারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ট্রাক, নগদ টাকা এবং ৪৫ ব্যারেল তেল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো— মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আজাদ হোসেন হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারীলাল সাহার ছেলে বিকাশ সাহা (৩০), রাজিবেরপাড়া গ্রামের ইমারত মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫০) ও বুধইরপাড়া গ্রামের লোকমান মোল্লার ছেলে হারুন অর রশিদ (৪৮)।
পুলিশ সুপার জানান, এটি সম্পূর্ণ একটি ক্লুলেস হত্যাকাণ্ড ছিল। গত ২৩ মে মাগুরা পুলিশ সুপারের কাছে ভোজ্যতেলের ক্রেতা মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার মাত্র এক দিনের ব্যবধানে ২৪ মে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া ট্রাক, ৬০ ব্যারেল ভোজ্যতেলের মধ্যে ৪৫ ব্যারেল তেল এবং তেল বিক্রির নগদ ৩ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক আব্দুর রহমানকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১৮ মে রাতে নারায়ণগঞ্জ থেকে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের 'মেসার্স মহামায়া ট্রেডার্স'-এর ৬০ ব্যারেল ভোজ্যতেল নিয়ে একটি ট্রাক রওনা হয়। পথিমধ্যে চোরচক্র ও ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিতে চালক আব্দুর রহমানকে হত্যা করে। এরপর তারা বিভিন্ন স্থানে তেল নামিয়ে খালি ট্রাক ও চালকের লাশ ঝিনাইদহের কোলা বাজারের অদূরে ফেলে রেখে পালিয়ে যায়। গত ২০ মে ঝিনাইদহ জেলা পুলিশ ওই এলাকা থেকে চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জেডি