ঈদ উপলক্ষে দেশের তিনজন কিংবদন্তি নিয়ে সংগীতবিষয়ক বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠানের আয়োজন করছে যমুনা টেলিভিশন। অনুষ্ঠানের নাম ‘যমুনার নিমন্ত্রণে’। তিন পর্বের এই অনুষ্ঠানের প্রযোজক সফিক পাহাড়ি। প্রতিটি পর্বে একজন করে সংগীতের কিংবদন্তিকে অনুষ্ঠানে ডাকা হবে। তিনজন অতিথি হলেন সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও খান আশিকুর রহমান আগুন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন। অনুষ্ঠানের বিশেষ দিক হলো অতিথিকে না জানিয়ে তার জীবনের খুব কাছাকাছি কিছু মানুষকে স্টুডিওতে হাজির করা হবে, যা দেখে অতিথি তার ফিরে যাবেন তার অতীতে এবং তা নিয়ে পর্যালোচনা করবেন। এই তিন অতিথির গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন এই প্রজন্মের কয়েকজন শ্রোতাপ্রিয় শিল্পী।
ঈদের প্রথম দিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি তার গান পরিবেশন করবেন মোমিন বিশ্বাস ও নওশীন তাবাসসুম স্মরণ। দ্বিতীয় দিন দেশের আরেক কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী গল্পে গল্পে জানাবেন তার জীবনের নানা কথা। এদিন তার গাওয়া গান পরিবেশন করবেন মৌমিতা তাশরিন নদী ও ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী আতিক। তৃতীয় দিন জনপ্রিয় শিল্পী আগুন নানা গল্পের পাশাপাশি গেয়ে শোনাবেন তার কিছু জনপ্রিয় গান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জুলহাজ্জ জুবায়ের। এটি ঈদের তৃতীয় দিন রাত ১১টায় সম্প্রচার হবে।
আরবিএন