শান্তি আলোচনার মধ্যে ইরানে হামলা, রুবিও বললেন– কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে

2026-05-26T13:18:35+00:00
2026-05-26T13:22:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শান্তি আলোচনার মধ্যে ইরানে হামলা, রুবিও বললেন– কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ১:২২ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। 

মঙ্গলবার (২৬ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিরক্ষামূলক হামলার পরও কূটনৈতিক আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, হরমুজ প্রণালী যেকোনো মূল্যে উন্মুক্ত রাখতে হবে, কারণ এটি আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, প্রণালি খোলা রাখতেই হবে, যেকোনো উপায়ে তা নিশ্চিত করা হবে।   

Advertisement
এর একদিন আগে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, তাদের বাহিনীকে রক্ষার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের চেষ্টা করা নৌযানকে লক্ষ্য করা হয়। 

অন্যদিকে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, ইরান একটি “শত্রু” স্টিলথ ড্রোন ভূপাতিত করেছে। তবে সেটি কোন দেশের ছিল, তা স্পষ্ট করা হয়নি। 

এদিকে, তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক বর্তমানে দোহা সফর করছেন। সেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এই সফরের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনা ঘটে।

এর আগে নয়াদিল্লি সফরকালে রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করার জন্য সর্বোচ্চ সুযোগ দেবে। তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে “অন্য উপায়ে” পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। 

হরমুজ প্রণালী আবার চালু করার সম্ভাবনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তবসম্মত, গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষায়, আলোচনার টেবিলে এমন কিছু শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে, যা দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার পথ তৈরি করতে পারে। 

২৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ বার্তায় বলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। তিনি বলেন, হয় এটি সবার জন্য একটি অসাধারণ চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না। 


এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা আরও বাড়ানো হবে।

এর অল্প সময় পরই ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। 

যদিও এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবুও ইসরায়েল এখনো হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি, এসব অভিযান আত্মরক্ষার অংশ, কারণ হিজবুল্লাহ ওই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক পক্ষ ছিল না।  

দোহায় অনুষ্ঠিত আলোচনায় ইরানের প্রতিনিধিদল হরমুজ প্রণালী এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা। তিনি আরও জানান, সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি অর্থ মুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ উদ্দেশ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও বৈঠকে উপস্থিত ছিলেন। 

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, প্রথমে একটি কাঠামোগত চুক্তিতে সম্মতি হওয়ার পরই পারমাণবিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, চলমান সংঘাতে তার প্রধান লক্ষ্য হলো ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থেকে বিরত রাখা। তবে ইরান ধারাবাহিকভাবে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। 

ইসমাইল বাঘাই আরও জানান, সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। 

তিনি বলেন, ইরান জাহাজ চলাচলের জন্য কোনো টোল বা ট্রানজিট ফি নেবে না। তবে নৌ-নির্দেশনা, নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সেবার জন্য কিছু ব্যয় বহন করতে হতে পারে। এসব ব্যবস্থা ওমানের সঙ্গে একটি প্রোটোকলের আওতায় পরিচালিত হবে, কারণ প্রণালীটির বিপরীত তীরে ওমানের অবস্থান।  

এদিকে, জাপানের সংবাদমাধ্যম নিক্কেই মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর প্রায় ৩০ দিন পর হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।  

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে প্রতিদিন যেখানে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত, এখন সেখানে মাত্র কয়েক ডজন জাহাজ চলাচল করছে। 

এই অচলাবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে জ্বালানি, সার ও খাদ্যপণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে।

আজ প্রাথমিক বাজারে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে ২২ মের সমাপনী দামের তুলনায় এটি এখনো প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কম রয়েছে।


সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল 

/ইউএমএইচ 



 

  বিষয়:   ইরান  শান্তি আলোচনা  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: