ঢাকাই নাটকের পরিচিত মুখ অহনা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবন— সবখানেই তাকে ইদানীং নিয়মিত বোরকা ও হিজাব পরে অংশ নিতে দেখা যাচ্ছে। পর্দায় যে গ্ল্যামারাস রূপ দেখে দর্শক অভ্যস্ত ছিলেন, সেখানে হঠাৎ এমন আমূল পরিবর্তন ভক্তদের মনে বেশ কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।
অভিনয়শিল্পীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অহনা মূলত নিজের মানসিক প্রশান্তি এবং ব্যক্তিগত জীবনধারায় পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের সাথে সাথে ধর্মীয় চর্চার প্রতি তার মনোযোগ ও আগ্রহ বেড়েছে। নিজেকে আরও সংযতভাবে প্রকাশ করার ইচ্ছাই তার এই পরিবর্তনের মূল কারণ।
নিজের এই নতুন রূপ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন অহনা রহমান। তিনি জানান, পবিত্র ওমরাহ হজ পালন করার পর থেকেই তার ভেতরে একটি গভীর আধ্যাত্মিক পরিবর্তন এসেছে। এরপর থেকেই তিনি হিজাব পরা শুরু করেন এবং এতেই এখন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
অহনা স্পষ্ট ভাষায় বলেন, ‘অভিনয় বা নাটকের প্রয়োজনে বাধ্য না হলে, এর বাইরে আমি মাথা থেকে কাপড় সরাতে চাই না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’ পাশাপাশি তিনি মন্তব্য করেন, একজন অভিনেত্রী হিসেবে পোশাক যেমনই হোক না কেন, সমালোচনার মুখোমুখি হওয়া তাদের পেশাগত জীবনের এক অনিবার্য অংশ।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই অভিনেত্রী জানান, তিনি ধীরে ধীরে মিডিয়ার কাজ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একপর্যায়ে অভিনয় জগৎ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইচ্ছাও রয়েছে তার। ওমরাহ করার পর থেকে যে আত্মিক শান্তি তিনি পেয়েছেন, তা ধরে রাখতেই তার এই উদ্যোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অহনার এই আকস্মিক পরিবর্তন নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের বড় একটি অংশ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্য করছেন, আবার অনেকের ধারণা এটি হয়তো সাময়িক কোনো পরিবর্তন। তবে সমালোচনাকে পাশে ঠেলে অহনা নিজের এই নতুন রূপেই বেশ স্বাচ্ছন্দ্যে আছেন।
সময়ের আলো/জেডি