বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে (শনিবার) রাজধানীজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে রাজধানীর ১৬টি স্পটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এলাকা এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ সর্বমোট ১৬টি নির্ধারিত স্থানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে পৃথক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ত্রাণ বিতরণের এই নির্ধারিত স্থানগুলোতে সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
/কহু