হারিয়ে গেলে কী করবেন হাজিরা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

হজ বা ওমরাহ পালনের সময় মক্কা ও মদিনার বিশাল ভিড়ের মধ্যে অনেক সময় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া স্বাভাবিক একটি

2026-05-26T19:27:51+00:00
2026-05-26T19:27:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
হারিয়ে গেলে কী করবেন হাজিরা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:২৭ পিএম 
কাবা ঘর। ছবি : সংগৃহীত
হজ বা ওমরাহ পালনের সময় মক্কা ও মদিনার বিশাল ভিড়ের মধ্যে অনেক সময় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া স্বাভাবিক একটি ঘটনা। বিশেষ করে তাওয়াফ ও সাঈর সময় এ ধরনের পরিস্থিতি বেশি ঘটে। তাই আগে থেকে প্রস্তুতি নিলে সহজেই এই সমস্যা এড়ানো যায়।

মসজিদুল হারাম একটি বিশাল এলাকা, যেখানে প্রায় ১০০টির মতো প্রবেশপথ রয়েছে। সম্প্রসারণ কাজের কারণে অনেক গেট দেখতে প্রায় একই রকম লাগে। তবে প্রতিটি গেটের আলাদা নম্বর ও নাম আছে। তাই ভেতরে প্রবেশ বা বের হওয়ার সময় নিজের গেট নম্বর মনে রাখা খুব জরুরি।

আগে থেকেই মিলনস্থল ঠিক করে নিন
হজযাত্রীরা সাধারণত ওমরাহ বা হজের বিভিন্ন ধাপে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাই আগেই সঙ্গীদের সঙ্গে একটি নির্দিষ্ট মিলনস্থল ঠিক করে রাখা ভালো। যেমন, তাওয়াফ শেষে কোথায় মিলিত হবেন, সাঈ শেষে সাফা বা মারওয়া পাহাড়ের কোন পাশে অপেক্ষা করবেন। এভাবে আগে থেকে পরিকল্পনা থাকলে বিভ্রান্তি কমে যায়।

মক্কা ও মদিনায় নির্দিষ্ট গেটকে মিলনস্থল হিসেবে ব্যবহার করুন
মক্কায় হারিয়ে গেলে মসজিদুল হারামের নির্দিষ্ট একটি গেটকে মিলনস্থল হিসেবে নির্ধারণ করা যায়। যেমন বাদশাহ ফাহাদ গেট (৭৯ নম্বর গেট)। একইভাবে মদিনায় মসজিদে নববিতে কিং ফাহাদ গেট (২১ নম্বর গেট) মিলনস্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে রাখুন
সবসময় নিজের কাছে এসব তথ্য লিখে রাখুন— সঙ্গীর মোবাইল নম্বর, দলনেতা বা এজেন্সির ফোন নম্বর, হোটেলের নাম ও ঠিকানা। এগুলো সঙ্গে থাকলে দ্রুত যোগাযোগ করা সহজ হয়।

সাহায্য কোথায় পাবেন
কেউ হারিয়ে গেলে স্থানীয় প্রবাসী, সৌদি কর্তৃপক্ষ বা বাংলাদেশ হজ কার্যালয়ের সহায়তা নেওয়া যায়। মক্কায় মিসফালা এবং মদিনায় আল-মাসানিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে পেতে এবং আবাসস্থলে পৌঁছে দিতে সহযোগিতা করে।

হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। নির্ধারিত মিলনস্থলে অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে সাহায্যের জন্য যোগাযোগ করুন।

/এসএকে


  বিষয়:   হাজি  মক্কা  মদিনা  হারানো  আরাফা  মিনা  মসজিদ 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: