আইডিএফের শীর্ষ আইনজীবী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল (এমএজি) ইফাত তোমের-ইরুশালমিকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। দেশটির ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর চিফ অব স্টাফ লেফট্যানেন্ট

2026-05-26T19:31:28+00:00
2026-05-26T20:47:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আইডিএফের শীর্ষ আইনজীবী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৮:৪৭ পিএম
সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল (এমএজি) ইফাত তোমের-ইরুশালমি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল (এমএজি) ইফাত তোমের-ইরুশালমিকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। দেশটির ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর চিফ অব স্টাফ লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির মঙ্গলবার এই বহিষ্কারাদেশ জারি করেন। বিতর্কিত ‘সদে তেইমান’ বন্দিশিবির কেলেঙ্কারির ভিডিও ফাঁসের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে এই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়।

আইডিএফ সূত্রে জানা গেছে, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের গোপন ভিডিও ফাঁসের ঘটনায় গত বছরের (২০২৫) অক্টোবরে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারার তদন্তের পর তোমের-ইরুশালমিকে সাময়িক বরখাস্ত করেছিলেন সেনাপ্রধান ইয়াল জামির। এর পরপরই তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাকে বরখাস্তের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ভিডিও ফাঁসের কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তোমের-ইরুশালমি।

নিজের পদত্যাগপত্রে তিনি দাবি করেছিলেন, সামরিক বাহিনীর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে চলা মিথ্যা প্রোপাগান্ডা রুখতে এবং আইডিএফ যে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে তা প্রমাণ করতেই তিনি প্রমাণাদি গণমাধ্যমে ফাঁসের অনুমোদন দিয়েছিলেন। এর পুরো দায় নিজের কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করেন।

ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানায়, ঘটনার শুরু ২০২৪ সালের জুলাইয়ে গাজার এক ফিলিস্তিনি বন্দিকে সদে তেইমান ডিটেনশন সেন্টারে আইডিএফ-এর রিজার্ভিস্ট সেনাদের দ্বারা মারাত্মকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। যুদ্ধ চলাকালীন এই নির্যাতনের ঘটনাটি নিয়ে বিচার মন্ত্রণালয়ের পুলিশ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত শুরু করে। কিন্তু এর এক মাস পরেই চলমান তদন্ত ও আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে নির্যাতনের সেই ভিডিও ফুটেজটি গণমাধ্যমে ফাঁস হয়ে যায় এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। যা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।

গোপন ও সংবেদনশীল ফুটেজ কীভাবে গণমাধ্যমে এলো- তা নিয়ে ২০২৪ সালের শেষের দিকে একটি পৃথক ফৌজদারি তদন্ত শুরু হয়। এর মাঝে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তোমের-ইরুশালমির নেতৃত্বাধীন সামরিক আদালত নির্যাতনকারী পাঁচ সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করে। তবে ঘটনা ভিন্ন মোড় নেয় যখন তোমের-ইরুশালমির স্থলাভিষিক্ত হওয়া জেনারেল ইতয় ওফির গত মার্চে সেই চার্জশিট বাতিল করে দেন। তিনি জানান, ভিডিও ফাঁসের কেলেঙ্কারি এবং প্রসিকিউশন টিমের ওপর তদন্ত চলায় মামলাটি এগিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে পুলিশ এই ভিডিও ফাঁসের তদন্ত শেষ করে। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি স্বার্থের সংঘাত এড়াতে এই বিষয়ে বিচার মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টার মতামতের অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

 প্রতিবেদনে আরও জানায়, পদত্যাগের পর চরম মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যান সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা। পদত্যাগের মাত্র দুই দিন পর, ২০২৫ সালের নভেম্বরে তিনি নিখোঁজ হন। পরে উত্তর তেল আবিবের একটি সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হয়, নিজের ব্যবহৃত মোবাইল ফোন ধ্বংস এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এরপর নেভে তিরতজা মহিলা কারাগারে সংক্ষিপ্ত কারাভোগের পর তাকে গৃহবন্দি রাখা হয়। সেখান থাকা অবস্থায় দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করলে তাকে তেল আবিবের ইচিলভ হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় এক মাস পর তিনি ছাড়া পান। 


  বিষয়:   ইসরায়েল  আইডিএফ  বরখাস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: