সাভারে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সাভার প্রতিনিধি

সারাদেশ

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রী চাপ।মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকেই ঢাকা-আরিচা

2026-05-26T20:21:45+00:00
2026-05-27T13:23:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাভারে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১:২৩ পিএম
ভার-আশুলিয়া সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রী চাপ। ছবি : সময়ের আলো
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রী চাপ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকেই ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে নবীনগর ত্রি-মোড় এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পশুবাহী ট্রাকের কারণে ধীরগতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা জানান, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী ও আশপাশের পশুর হাটগুলোতে কোরবানির পশুবাহী ট্রাক প্রবেশ করায় মহাসড়কে চাপ কয়েকগুণ বেড়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হওয়ায় কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে রওনা দিচ্ছেন।

শিল্প পুলিশের তথ্যমতে, মঙ্গলবার আশুলিয়ার প্রায় ৪৩ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দিন আরও ৩৭ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়। ফলে প্রতিদিনই বাড়ছে ঘরমুখো যাত্রীর সংখ্যা।


এদিকে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে বিভিন্ন স্থানে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। পাশাপাশি টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ভারী যানবাহনের চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এতে ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের অভিযোগ সড়কে যাত্রী চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের মনিটরিং করা হচ্ছে না।

উত্তরবঙ্গগামী যাত্রী রোকেয়া বেগম বলেন, ৬০০ টাকার ভাড়া এখন ১০০০ টাকা চাওয়া হচ্ছে। আমার এত টাকা নেই। তাই বৃষ্টিতে ভিজেই সড়কে দাঁড়িয়ে আছি।

রাজশাহীগামী অন্য এক যাত্রী রাশেদুল ইসলাম বলেন, আমরা গার্মেন্টসে চাকরি করি। বেতন যা পাই, হিসাব করেই চলতে হয়। এখন যে ভাড়া চাওয়া হচ্ছে, তা দিয়ে বাড়ি যাওয়া কঠিন। ভাড়া নৈরাজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, এখনও মহাসড়কে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে যাত্রীর চাপ বাড়ায় কিছু কিছু স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

বাড়তি ভাড়া আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে নজরদারি জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাভার মহাসড়ক  যানবাহন  অতিরিক্ত ভাড়া  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: