মুসলিম বিশ্ব এবার পবিত্র হজ ও ঈদুল আজহার সময়ে এক অনন্য ও আবেগঘন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। একই পরিবারের দুই প্রজন্ম, প্রবীণ বাবা ও তার ছেলে, পবিত্র দুই উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা ইসলামি জ্ঞান ও নেতৃত্বের ধারাবাহিকতার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
৯ জিলহজ আরাফার ময়দানে পবিত্র হজের ঐতিহাসিক খুতবা প্রদান করেন মসজিদে নববীর দীর্ঘদিনের ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
লাখো হাজির উপস্থিতিতে তিনি তাকওয়া, ধৈর্য, ঐক্য এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের আহ্বান জানান। খুতবার পর জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয়, যা হজের গুরুত্বপূর্ণ একটি আমল।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াত বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।
এর পরদিন, ১০ জিলহজ ঈদুল আজহার সকালে মদিনার মসজিদে নববীতে ঈদের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করবেন তাঁরই সুযোগ্য পুত্র শায়খ আহমাদ আল-হুজাইফি।
তিনি ইতিমধ্যেই জ্ঞান, প্রজ্ঞা ও পাণ্ডিত্যের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। ইসলামী শিক্ষার আলোকে তিনি ঈদের গুরুত্বপূর্ণ জামাতে দায়িত্ব পালন করবেন।
পবিত্র হজের খুতবা এবং ঈদের খুতবায় একই পরিবারের পিতা ও পুত্রের এই ধারাবাহিক নেতৃত্ব মুসলিম বিশ্বে বিশেষ তাৎপর্য বহন করছে। এটি শুধু পারিবারিক অর্জন নয়, বরং জ্ঞান, ঈমানি দায়িত্ব এবং ইসলামী সেবার উত্তরাধিকার বহনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
/এসএকে