নিরাপত্তার অভাব ও আকস্মিক ঝামেলার শঙ্কায় মতিঝিলের অস্থায়ী কার্যালয়টি বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন থেকে নতুন ঠিকানায় তার রাজনৈতিক ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’
তিনি ঢাকা-৮-এর সর্বস্তরের জনগণ এবং দেশের মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানান এবং যোগাযোগের সুবিধার্থে পোস্টে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও যুক্ত করে দেন। কার্যালয় পরিবর্তনের ঘোষণা দিলেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে পিছু হটছেন না উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ‘জনগণের আস্থা, শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা অব্যাহত থাকবে।’
তবে পুরোনো কার্যালয়ে যাওয়া-আসার ব্যাপারে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করে তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন; তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন।’ উদ্ভূত পরিস্থিতিতে সকলকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন।
সময়ের আলো/টিএইচ