কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদতও। তাই কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে ইসলামের নির্ধারিত বিধান মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে পশুর বয়স সঠিক হওয়া কোরবানির শুদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। অনেক সময় বাহ্যিকভাবে বড় ও মোটাতাজা দেখালেও শরিয়ত নির্ধারিত বয়স পূর্ণ না হলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। তাই কোরবানির পশু কেনার আগে বয়সসীমা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজন।
কোরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে ইসলামে নির্ধারিত বয়সসীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়তের বিধান অনুযায়ী, উটের বয়স কমপক্ষে ৫ বছর পূর্ণ হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ১ বছর হওয়া আবশ্যক।
তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। যদি এগুলোর বয়স ১ বছরের কমও হয়, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট ও এক বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। তবে এক্ষেত্রে পশুটির বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে।
অন্যদিকে, ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দিয়ে কোরবানি বৈধ হবে না। তাই কোরবানির পশু কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং সঠিক বয়স নিশ্চিত করাও জরুরি। কারণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত হিসেবে কোরবানি আদায় করতে হলে শরিয়তের বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। সচেতনভাবে সঠিক পশু নির্বাচন করলে কোরবানির ইবাদত সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় হবে।
/এসএকে