পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটির পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ‘পরিচালক’ মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঈদের সময়ে বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং পরবর্তী সময়ে দেশের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন সময়ে যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একইসঙ্গে তাদের পরিদর্শন-সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর প্রেরণ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সময়ের আলো/টিএইচ