অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির শখ করে নাম রাখেন ‘কালো পাহাড়’। নিজের শখে একটি গরু পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। ৫ বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরুটি তিনি উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তার রয়েছে ‘হাজি অ্যাগ্রো’ নামের একটি খামার। এই খামারে অন্তত ৪০টি দেশি-বিদেশি জাতের গরু রয়েছে। অর্গানিক পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন হাজি অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি। গরুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। প্রায় ৮শ কেজি ওজনের ‘কালো পাহাড়’ বাজারে না তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে প্রস্তুত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালে উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনী আয়োজিত মেলায় প্রথম স্থান অধিকার করে হাজি এগ্রোর অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি। বিভিন্ন ধরনের কাঁচা ঘাস, শুকনো ঘাস, খৈল, ভুট্টা, ভুসি, ডাল, আলু ও চাউলের কুড়ো খাইয়ে মোটাতাজা করছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায় ‘কালো পাহাড়’ নামের গরুটি পরিচর্যা করছেন বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, শখের বসে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন। সেটি লালন পালন করতে ভালো লাগে। ৫ বছর ধরে তিনি পালন করছেন। এর পাশাপাশি আরো কিছু গরু যোগ করে একটি খামার গড়ে তোলেন। এবার তিনি গরুটি চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নির্বাচন এমপি নুরুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান।
এদিকে সংসদ সদস্য নুরুল আমিন গরুটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রহণ করেন। এবং তিনি সেটা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসছে আগামী ১৩ জুন উপজেলা কৃষকদলের সম্মেলন উপলক্ষে মেজবানি আয়োজন করা হবে। সেই মেজবানিতে গরুটি দেওয়ার পরামর্শ দেন।
বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন আরো বলেন, আমি দীর্ঘ ৫ বছর ধরে গরুটি লালন পালন করছি। বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমি বিগত সরকার আমলে কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করিনি। শখের বসে গরুটি নিজ হাতে লালন পালন করেছি। আমি বিএনপির তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গরুটি পৌঁছে দিতে চাই।
সময়ের আলো/জোই