বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানিয়েছে, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের জ্বালানির মূল্যসীমা ১৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
অফজেমের প্রধান নির্বাহী টিম জার্ভিস বলেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে পাইকারি গ্যাসের দাম বেড়েছে, যা সরাসরি ভোক্তাদের বিলকে প্রভাবিত করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, নতুন মূল্যসীমা অনুযায়ী গড় ব্যবহারকারী পরিবারকে বছরে প্রায় ১,৮৬২ পাউন্ড (প্রায় ২,৫০৫ ডলার) বিল দিতে হবে। যা আগের এপ্রিল–জুন সময়ের ১,৬৪১ পাউন্ড (প্রায় ২,২০৮ ডলার) তুলনায় প্রায় ২২১ পাউন্ড বেশি।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও বিদ্যুৎ ও গ্যাসের দাম আরও ওঠানামা করতে পারে।
/ইউএমএইচ