দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। একই সাথে সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরবচ্ছিন্ন নজরদারির পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনের পাশাপাশি পুশইন ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া, আসন্ন ঈদের ছুটিতেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু পাচার রোধ করে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিজিবি সর্বদা আপসহীন। বর্তমানে সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ও সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। দেশের অখণ্ডতা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত কাজ করে যাচ্ছেন।
সময়ের আলো/জেডি