পটুয়াখালীর বাউফল উপজেলার ১৮টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (২৭ মে) ঈদের নামাজ ও কোরবানির মধ্য দিয়ে প্রায় ২৬ হাজার মানুষ ধর্মীয় উৎসবে অংশ নেন। জাহাঙ্গীরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফ, এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রামের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও নির্ধারিত সময়ের একদিন আগে ঈদ পালন করেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার উত্তর চন্দ্রপাড়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল মালেক হোসাইন।
তিনি বলেন, হজ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং কোরবানির সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। সৌদি আরবে হজ সম্পন্ন হওয়ার পরদিন থেকেই কোরবানি শুরু হয়। সেই অনুযায়ী তারাও আজ কোরবানি আদায় করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন সারা বিশ্বের মুসলমান একই দিনে ঈদ উদযাপন করবে।
তিনি আরও বলেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের ওপর কোরবানি ওয়াজিব। আজ ১০ জিলহজ হওয়ায় এ দিনই কোরবানির সঠিক সময় বলে তারা বিশ্বাস করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী আহম্মদ খান বলেন, সৌদি আরবে গতকাল হজ অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাব অনুযায়ী তারা আজ ঈদ ও কোরবানি পালন করছেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখেই তারা এ উৎসব উদযাপন করছেন।
এছাড়া উপজেলার বগা, বানাজোড়া, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবুপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূরদী, দ্বিপাশা, গোসিঙ্গা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের বাসিন্দারাও বুধবার ঈদুল আজহা পালন করেন।
ঈদ উপলক্ষে গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরবিএন