পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দানে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনে জানানো হয়, এবার জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস)-এর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। নান্দনিক এই উদ্যোগের অংশ হিসেবে এসটিএসের দেয়ালে লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল–এর আদলে গ্রাফিতি আঁকা হয়েছে। উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
/এসএকে