পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৭ মে) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক বিশেষ বাণীতে এই শুভেচ্ছা জানানো হয়।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি মূলত আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মনের সব হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় এই পবিত্র উৎসবটি আমাদের মাঝে সমাগত হয়েছে।
তিনি উল্লেখ করেন, মহান আল্লাহর নির্দেশ পালনে হজরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে অনন্য আত্মসমর্পণ, ধৈর্য ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। এই মহান ঐতিহাসিক ঘটনা আমাদের আল্লাহর প্রতি ভক্তি এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।
রাষ্ট্রপতি বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব ও সহমর্মিতা জাগ্রত হয় এবং বৈষম্য হ্রাস পায়। এই ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষের জোগান নিশ্চিত করার পাশাপাশি সার্বিক অর্থে দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে চাঙ্গা করে তোলে।
পবিত্র ঈদুল আজহার এই বিশেষ সময়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি করা এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বজায় রাখতে তিনি দেশবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাণীতে আরও বলেন, বিভেদ নয় সম্প্রীতি এবং স্বার্থপরতা নয় উদারতার চেতনা লালন করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ রেখে একযোগে কাজ করতে হবে। মহান আল্লাহ সবার কোরবানি কবুল করুন এবং এই ঈদ সমগ্র বিশ্বে শান্তি, স্থিতি ও অশেষ কল্যাণ বয়ে আনুক বলে তিনি প্রার্থনা করেন।
সময়ের আলো/টিএইচ