নারায়ণগঞ্জের বহুল আলোচিত অ্যালবিনো জাতের সেই ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। মহিষটিকে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, ট্রাম্প নামের মহিষটাকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে এবং সেটিকে একটি নির্দিষ্ট শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মহিষটির খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এই মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করা হয়। মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে মহিষটি ফেরত নিয়ে আসা হয়েছে এবং আপাতত সেটিকে চিড়িয়াখানায় আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে লালন-পালন করা হবে।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপাতত মহিষটিকে সরকারি তত্ত্বাবধানে লালন-পালন করা হবে।
এর আগে গত সোমবার বিকেলে মহিষটির ক্রেতা সেটিকে নিতে রাবেয়া এগ্রো ফার্মে আসলে এক রাজকীয় ও লালগালিচা সংবর্ধনার মাধ্যমে সেটিকে বিদায় জানানো হয়েছিল। শহরের পাইকপাড়ায় অবস্থিত ওই খামারের মালিকপক্ষ মহিষটিকে গোসল করিয়ে, বিশেষ পোশাক পরিয়ে এবং হরেক রঙের কালার স্মোক উড়িয়ে বিদায় জানায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে।
অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে সর্বমোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। কিন্তু জননিরাপত্তার স্বার্থে শেষ মুহূর্তে সেটিকে আর কোরবানি না করে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো।
সময়ের আলো/টিএইচ