ইসরায়েলের উত্তরাঞ্চলীয় লেবানন সীমান্তে হিজবুল্লাহর অতর্কিত ড্রোন হামলায় এক ইসরায়েলি নারী সেনা নিহত হয়েছেন। ‘অপারেশনাল অ্যাক্টিভিটি’ বা সামরিক অভিযান চলাকালীন এই হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে।
আইডিএফের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, নিহত ওই নারী সেনার বয়স ২০ বছর। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর বিখ্যাত ‘গিভাতি ব্রিগেডের’ ৪৩৫তম ব্যাটালিয়নে (রোটেম ব্যাটালিয়ন) সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। লেবানন সংলগ্ন উত্তর সীমান্তের একটি সামরিক জোনে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোন আঘাত হানলে ওই নারী সেনা গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একই ড্রোন হামলায় সেখানে কর্তব্যরত আরও দুই ইসরায়েলি রিজার্ভ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং অন্যজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী সামরিক সূত্রগুলো জানিয়েছে, লেবানন থেকে ধেয়ে আসা হিজবুল্লাহর ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। তবে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করতে ব্যর্থ হয় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একটি ড্রোন সরাসরি ওই সেনা ঘাঁটির বাঙ্কারের কাছাকাছি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর উত্তর সীমান্তে দুই পক্ষের মধ্যে নতুন করে ভারী গোলাগুলি শুরু হয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
/কহু