পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বনানী সামরিক কবরস্থানে গিয়ে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো, প্রয়াত শ্বশুর রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর এই কবর জিয়ারতের তথ্য ও স্থিরচিত্র নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বনানী সামরিক কবরস্থানে আসেন। সেখানে তারা প্রথমে ডা. জুবাইদা রহমানের পিতা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
শ্বশুরের কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী বীর সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভ ও কবর প্রাঙ্গণে যান। দেশের জন্য আত্মোৎসর্গকারী সেই শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা সেখানে বিশেষ দোয়ায় অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/কহু