ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন বিমান ও ড্রোন হামলার পর দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার নবনিযুক্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আজমায়ির পরিণতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর দাবি, মার্কিন হামলায় তিনি হয়তো নিহত হয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক গোষ্ঠী ‘দ্য ইরান ওয়াচার’ তাদের এক প্রতিবেদনে জানায়, অসমর্থিত একাধিক সূত্র ইঙ্গিত করছে, বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) চালানো সাম্প্রতিক বিমান হামলায় আলী আজমায়ি সরাসরি লক্ষ্যবস্তু হয়েছিলেন এবং সম্ভবত তিনি নিহত (এলিমিনেট) হয়েছেন।
জেনারেল আলী আজমায়িকে আইআরজিসি নৌবাহিনীর অন্যতম শীর্ষ এবং অভিজ্ঞ কমান্ডার হিসেবে বিবেচনা করা হয়। এর আগে তিনি বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘৫ম নৌ অঞ্চল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা আরব উপসাগর এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীর সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
চলমান সংঘাতে আইআরজিসি নৌবাহিনীর সাবেক প্রধান আলিরেজা তাংসিরি নিহত হওয়ার পর, মাত্র কয়েক সপ্তাহ আগে আলী আজমায়ি এই গুরুত্বপূর্ণ বাহিনীর অপারেশনাল প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। যদি মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবরটি সত্য বলে প্রমাণিত হয়, তবে তা চলমান মার্কিন-ইরান যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের সামরিক নেতৃত্বের জন্য আরেকটি বড় এবং বড় ধরনের বিপর্যয়কর ধাক্কা হবে।
/কহু