স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিল দুই শিশু। তবে সেই আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত শিশুদের মায়েরা।
বৃহস্পতিবার (২৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হকের চার বছর বয়সি ছেলে মো. আবদুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া গ্রামের আল আমিনের চার বছর বয়সি মেয়ে আরিফা খাতুন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) রাতে ঢাকা থেকে মায়েদের সঙ্গে ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল শিশু দুটি। ভোরে তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস থেকে নেমে একটি অটোরিকশায় করে ভাদুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘোড়াঘাটের কানাগাড়ি বাজার এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। আহত দুই মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। নিহত শিশুদের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জেডি