পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশই নিজেদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি লালন করে, যার মূল লক্ষ্য দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”
নরেন্দ্র মোদি আরও বলেন, এই পবিত্র উৎসবটি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের লাখ লাখ মানুষ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে ঈদ উদ্যাপন করেন। এই উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি।
বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি চিঠিতে উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নয়নের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে একটি গভীর বন্ধন তৈরি হয়েছে।
জনগণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকার নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলেও চিঠিতে পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
সময়ের আলো/জেডি