প্রতিবারের মতো এবারও উৎসবের আমেজ রূপালি পর্দায় ছড়িয়ে দিতে ঈদের আগের দিন পর্যন্ত চলেছে নির্মাতাদের দৌড়ঝাঁপ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা।
এই তালিকায় রয়েছে— ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’।
রকস্টার
আজমান রুশোর পরিচালনায় একজন রকস্টারের জীবনের চড়াই-উতরাই নিয়ে নির্মিত হয়েছে ‘রকস্টার’। এতে কেন্দ্রীয় ‘আগুন’ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন সাবিলা নূর। এটি এই জুটির দ্বিতীয় ছবি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। দেশের ১০৩টি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে সর্বোচ্চ দাপটের সাথে চলছে ছবিটি।
রইদ
‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন ছবি ‘রইদ’। প্রত্যন্ত অঞ্চলের এক যুবক ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর মনস্তাত্ত্বিক গল্প। অভিনয়ে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে।
বনলতা সেন
কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য এবং ব্যক্তিগত টানাপোড়েন নিয়ে সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে আছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মন্ডল ও মায়মুনা মম। ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে।
মালিক
সাইফ চন্দনের পরিচালনায় অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মালিক’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। মায়ের সম্মান রক্ষা ও প্রতিশোধের গল্পে শাকিবের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ প্রেক্ষাগৃহ পেয়েছে। দেশের ৩৩টি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
মাসুদ রানা
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে সৈকত নাসির বানিয়েছেন ‘মাসুদ রানা’। এই ছবির মাধ্যমে নাম ভূমিকায় বড় পর্দায় অভিষেক হলো রাসেল রানার। তাঁর সাথে আছেন পূজা চেরী, সৈয়দা তিথি অমনি ও অমিত হাসান। ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে।
পিনিক
জাহিদ জুয়েলের পরিচালনায় রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ছবি ‘পিনিক’। মূল চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। আরও আছেন ফজলুর রহমান বাবু ও আলীরাজসহ অনেকে। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে এই ঈদে আলো দেখল ছবিটি। এটি চলছে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা ও লায়ন সিনেমাসে।
অফিসার
একজন সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তার অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে বদিউল আলম খোকন নির্মাণ করেছেন ‘অফিসার’। কেন্দ্রীয় চরিত্রে আছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। সমাজের গডফাদারদের মুখোশ উন্মোচনের এই গল্পটি সিনেপ্লেক্সের পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে।
তছনছ
বদিউল আলম খোকন পরিচালিত এই ঈদের একমাত্র ভরপুর অ্যাকশন ছবি ‘তছনছ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মুন্না খান। তাঁর বিপরীতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ইয়ামিন হক ববিকে। আরও আছেন মিশা সওদাগর ও দীপা খন্দকার। দেশের ১০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
সময়ের আলো/জেডি