পবিত্র ঈদুল আজহার নামাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে এক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখা গেছে। তিনি তার প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের অ্যাওয়ে জার্সির থিমযুক্ত একটি বিশেষ পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার (২৭ মে) স্থানীয় সময় নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় সমবেত হাজারো মুসল্লির সঙ্গে অংশ নিয়ে মেয়র মামদানি ঈদের এই নামাজ আদায় করেন। গত সপ্তাহে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আর্সেনাল দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহাসিক শিরোপা জেতায় বিশ্বজুড়ে ক্লাবটির কোটি সমর্থকদের মাঝে যে উন্মাদনা চলছে, মেয়রের এই পোশাক তারই অংশ বলে জানা গেছে।
এর আগে গত বছর একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জোহরান মামদানি প্রকাশ করেছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি আর্সেনালের একজন অন্ধ সমর্থক। মূলত নিজের এক আত্মীয়র কাছ থেকে গভীর অনুপ্রেরণা পেয়ে তিনি আর্সেনাল ক্লাবকে সমর্থন করা শুরু করেছিলেন।
ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ‘সাবেক টুইটার’ দেওয়া এক বিশেষ বার্তায় মামদানি লিখেন, ‘আজ আমরা হযরত ইব্রাহিম (আঃ)-কে স্মরণ করছি। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ কোনো বোঝা নয়। এটি নিজেকে আরও বৃহৎ কিছুর অংশ হিসেবে দেখার একটি অনন্য সুযোগ।’
তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন, নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। বর্তমানে শহরের প্রত্যেক সাধারণ বাসিন্দা যাতে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আবাসন ও শিশু পরিচর্যার ‘চাইল্ড কেয়ার’ নিয়মিত খরচ মেটাতে পারেন, তা নিশ্চিত করতে তার প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নামাজ আদায় শেষে উপস্থিত সাধারণ মুসল্লিদের মেয়র মামদানির সঙ্গে অত্যন্ত উৎসাহের সঙ্গে সেলফি ও ছবি তুলতে দেখা গেছে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
সূত্র: দ্য টেলিগ্রাফ
সময়ের আলো/টিএইচ