মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসের সামনের অংশে ইঞ্জিন কভারের ওপর বসেছিলেন। বাসটি পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে তিনি ভারসাম্য হারিয়ে খোলা দরজা দিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
আরবিএন