পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনে নড়াইলের লোহাগড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন গাজী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সাকেত হোসেন গাজী (২০) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলামুন্সীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত সাকেত হোসেন গাজী একই গ্রামের রিপন গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুরে সাব্বির ও সাকেত মোটরসাইকেলে করে যশোরের অভয়নগর থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ‘কালনা মধুমতি সেতু’ দেখতে আসেন। সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে আলামুন্সীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘রোজিনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেন গাজীকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত সাকেত হোসেন গাজীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেজিন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরবিএন