রাজধানীতে ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার বাসিন্দারা রয়েছেন। পাশাপাশি সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার লোকজনও চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে কেউ ভর্তি হননি। অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরও জানান, গরুর লাথি ও শিংয়ের আঘাত এবং মাংস কাটার সময় ধারালো অস্ত্র ব্যবহারে অসাবধানতার কারণে এসব দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে দ্রুত পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতি বছরের মতো এবারও ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাজনিত দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটেছে।
/এসএকে