ঈদুল আজহার নামাজ শেষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বংশাই নদীতে একটি খেয়া নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নৌকাডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বংশাই নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপরপাশে সখীপুর উপজেলা। নদীসংলগ্ন হওয়ায় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের অনেক বাসিন্দা ঈদের নামাজ আদায়ের জন্য কালিহাতী উপজেলার বাইশ গ্রামে আসেন। নদীতে পানি থাকায় তাদের খেয়া নৌকায় পারাপার হতে হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে মুসল্লিরা খেয়া নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় কিছুদূর যাওয়ার পর সেটি ডুবে যায়। পরে সবাই সাঁতরে নিরাপদে নদীর তীরে উঠতে সক্ষম হন। এতে কেউ আহত বা নিহত হননি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বংশাই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা।
নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব বলেন, নামাজ শেষে মুসল্লিরা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর গিয়ে ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরবিএন