পবিত্র ঈদুল আজহার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা গ্রামের একটি মাঠের গাছ থেকে বখতিয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামের নজু মালিথার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি মাঠের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ ঝুলতে দেখেন। পরে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, বখতিয়ারকে অন্য কোথাও হত্যা করে পরে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঈদের দিনের এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরবিএন