চিত্রনায়িকা পরীমনি কোরবানির পশুর প্রতি নিজের গভীর আবেগের কথা অকপটে প্রকাশ করেছেন। ঈদের পশু পছন্দের বিষয়ে তিনি বলেন, "আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবসময় সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। মজার বিষয় হলো, কেনার পর মাত্র একদিনেই আমি গরুটার প্রেমে পড়ে যাই। ওকে পরম যত্নে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে।"
কেবল নিজের বা পরিবারের আনন্দেই সীমাবদ্ধ থাকেন না এই অভিনেত্রী। ঈদের আসল আনন্দ তিনি খুঁজে পান সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর মাঝে। তিনি জানান, গরিব ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করতে তাঁর ভীষণ ভালো লাগে।
পাশাপাশি চলচ্চিত্র পাড়া এফডিসিতে কোরবানি দেওয়ার আবেগঘন স্মৃতিও মনে করিয়ে দেন এই তারকা। তিনি বলেন, "২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির অসচ্ছল সহশিল্পীদের সাথে আনন্দ ভাগ করে নিতে সেখানে কোরবানি দিয়ে আসছি। আমি চাই, আমার সহশিল্পীরাও যেন উৎসবের দিনটিতে আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এখন সিদ্ধান্ত নিয়েছি, গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সবার সাথে ঈদ কাটাব।"
এদিকে অভিনয়ের মাঠেও দারুণ আলোচনায় আছেন পরীমনি। তার অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শক ও ভক্তদের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছেই। এরই মধ্যে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’ মুক্তি পেয়েছে, যা বেশ প্রশংসিত হচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা তানজির তুহিন এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার প্রিন্স মাহমুদ।
সময়ের আলো/জেডি