ঈদ কিংবা বিশেষ কোনো আয়োজন, গরুর মাংস ছাড়া যেন ভোজই জমে না। তবে রান্নার সময় অনেকেরই অভিযোগ, মাংস সহজে সেদ্ধ হতে চায় না, আবার রান্নার পরও শক্ত থেকে যায়। কিছু সহজ কৌশল জানা থাকলে কম সময়েই মাংস হবে নরম, রসালো ও সুস্বাদু।
নিচে গরুর মাংস দ্রুত সেদ্ধ করার ১০টি কার্যকর উপায়।
১. কাঁচা পেঁপে ব্যবহার করুন
কাঁচা পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম মাংসের প্রোটিন ভেঙে দ্রুত নরম করে। রান্নার সময় কয়েক টুকরো কাঁচা পেঁপে বা সামান্য পেঁপে বাটা মিশিয়ে দিলে মাংস দ্রুত সিদ্ধ হয়।
২. টক দইয়ে মেরিনেট করুন
টক দই মাংসকে নরম করতে দারুণ কার্যকর। রান্নার আগে মাংস টক দই দিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা মেরিনেট করে রাখলে মাংস সহজে সেদ্ধ হয় এবং স্বাদও বাড়ে।
৩. সামান্য ভিনেগার দিন
রান্নার আগে অল্প ভিনেগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংস দ্রুত নরম হয়। তবে পরিমাণ বেশি হলে স্বাদ নষ্ট হতে পারে, তাই সতর্ক থাকতে হবে।
৪. বেকিং সোডা ব্যবহার
এক চিমটি বেকিং সোডা মাংস নরম করতে সাহায্য করে। কিছুক্ষণ মাখিয়ে রেখে পরে ধুয়ে রান্না করলে ভালো ফল পাওয়া যায়। অতিরিক্ত ব্যবহার করা যাবে না।
৫. অল্প চিনি যোগ করুন
মাংস কষানোর সময় সামান্য চিনি দিলে তা দ্রুত নরম হতে সাহায্য করে। একই সঙ্গে রান্নায় সুন্দর রংও আসে।
৬. সুপারি দেওয়ার কৌশল
অনেকের মতে, রান্নার সময় একটি আস্ত সুপারি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়। রান্না শেষে অবশ্যই সুপারি তুলে ফেলতে হবে।
৭. ঢাকনা ভালোভাবে ব্যবহার করুন
রান্নার সময় হাঁড়ি ঢেকে রাখলে ভেতরের তাপ বের হতে পারে না। ফলে কম সময়েই মাংস সিদ্ধ হয়।
৮. প্রেসার কুকার ব্যবহার করুন
দ্রুত মাংস সেদ্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো প্রেসার কুকার। এতে কম সময় ও কম গ্যাসে মাংস নরম হয়ে যায়।
৯. লবণ পরে দিন
রান্নার শুরুতেই লবণ দিলে মাংস শক্ত হয়ে যেতে পারে। তাই মাঝামাঝি সময়ে লবণ দিলে মাংস দ্রুত নরম হয়।
১০. আনারসের রস ব্যবহার করুন
আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম মাংস নরম করতে সাহায্য করে। রান্নার আগে আনারসের রস বা ব্লেন্ড করা আনারস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো ফল পাওয়া যায়।
গরুর মাংস সুস্বাদু করতে শুধু মসলা নয়, রান্নার কৌশলও গুরুত্বপূর্ণ। এই সহজ টিপসগুলো মেনে চললে কম সময়েই মাংস হবে নরম, ঝরঝরে ও মুখরোচক।
/এসএকে