বগুড়ার শেরপুরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই তরুণ শিক্ষার্থী। দ্রুতগতির মোটরসাইকেল চলাচলকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ঈদের ছুটির আমেজের মধ্যেই এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা আকন্দপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার বাসিন্দা। অপরজন তামিম হোসেন (১৮), শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি উপজেলার ফুলতলা গ্রামে।
আরও পড়ুন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলগুলো অতিরিক্ত গতিতে চলছিল। ধুনট দিক থেকে আসা দুটি মোটরসাইকেল ও বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয়জনই গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মারা যান তামিম হোসেন।
আহত চারজন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই পরস্পরের বন্ধু বলে জানা গেছে।
এএডি/