চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঈদের পরদিন রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঈগল পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, একটি যানবাহন উল্টো পথে দ্রুতগতিতে চলাচল করছিল। মুহূর্তের মধ্যে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই অনেকের অবস্থা গুরুতর ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
কর্ণফুলী ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হয়েছে।
এএডি/