ইরাকের বাগদাদে মিসাইল হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ অবশেষে দেশে ফিরেছে।
শুক্রবার (২৯ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তিনি মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন এবং দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি এ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমান এবং সেখানে কর্মরত ছিলেন।
সম্প্রতি বাগদাদে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি মিসাইল হামলায় তিনি প্রাণ হারান। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে তুরস্ক হয়ে মরদেহটি ঢাকায় পৌঁছে।
এএডি/