দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মগবাজার শাখার পোস্ট ডেলিভারি

2026-05-29T13:48:57+00:00
2026-05-29T13:48:57+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মগবাজার শাখার পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এবার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক এবং আদ-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ঘটে যাওয়া ঘটনাগুলো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে কয়েকজন সদ্যোজাত শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তীব্র কান্না, শ্বাসকষ্ট, বমি ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন

অভিভাবকদের অভিযোগ, সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি। দায়িত্বে থাকা চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতায় ঘাটতি ছিল বলেও অভিযোগ উঠেছে। এছাড়া গুরুতর অবস্থায় থাকা নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কার্যকর ক্ষতিপূরণ দেওয়া, দেশের সব হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সেবা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা প্রণয়ন এবং হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্যসেবা তদারকিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।

এর আগে গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

প্রাথমিক তদন্তে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩০ মে) পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এএডি/


  বিষয়:   আদদ্বীন  নবজাতক  মৃত্যু  ঘটনা  সদস্য  তদন্ত  কমিটি  গঠন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: