পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলায় মানুষের কাছ থেকে কেনা কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন দুই মৌসুমি ব্যবসায়ী।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার মোমারিজপুর গ্রামের কাটাখালি নদীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ব্যবসায়ী হলেন খুরশিদ আলম ও দিদারুল আলম।
ব্যবসায়ীরা জানান, লাভের আশায় তারা বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো পাইকারি ব্যবসায়ী চামড়া কিনতে আসেননি। ফলে চামড়াগুলো অবিক্রীত অবস্থায় পড়ে থাকে।
ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, ‘নগদ টাকা দিয়ে চামড়া কিনেছিলাম। বিক্রির আশায় পুরো রাত জেগে বসেছিলাম। কয়েকজন ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাই। তীব্র গরমের কারণে সময়মতো লবণ দিতে না পারায় চামড়াগুলোতে পচন ধরে যায়। পরে বাধ্য হয়ে সেগুলো নদীতে ফেলে দিতে হয়েছে।’
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের নজরে এসেছে। চামড়া বিক্রি করতে সমস্যা হলে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো উচিত ছিল। নদীতে ফেলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
/এসএকে