কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শিহাব হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিহাব হোসেন নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান শিহাব। একপর্যায়ে তিনি নদীতে নামলে তীব্র স্রোতে তলিয়ে যান। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিহাবের সন্ধান মেলেনি।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হৃদয় বলেন, সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবারের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।
আরবিএন