বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের এক স্থানীয় নেতা। রাজনৈতিক বৈরিতা ভুলে আওয়ামী লীগ নেতার এই ব্যতিক্রমী উদ্যোগ ও দোয়া মাহফিল আয়োজন নিয়ে বর্তমানে শহরজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতুহল সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রায় ১ হাজার ২০০ দুস্থ মানুষের মাঝে এই মাংস বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর।
মাংস বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অসহায় মানুষের মাঝে তিনটি কোরবানির গরুর মাংস বণ্টন করা হয়।
অনুষ্ঠানে হাজি আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের সাধারণ মানুষ ও গরিব-দুঃখীদের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর এই মানবিক আদর্শ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। আজকের এই আয়োজন কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় পরিবারগুলোর মুখে কিছুটা হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’
আওয়ামী লীগ নেতার এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এনামুল হক এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়সার পারভেজ কাজলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সময়ের আলো/জেডি