মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটিযুক্ত চলন্ত যাত্রীবাহী বাসকে থামানোর চেষ্টা করতে গিয়ে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুলাল নামের এক চালকের সহকারী ‘হেলপার’ নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আহসান পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির দেখা দেয়। ব্রেক ফেল করায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
টোল পরিশোধের ঠিক আগ মুহূর্তে চলন্ত বাসটিকে কোনোভাবেই থামানো সম্ভব না হওয়ায় ২৫ বছর বয়সী হেলপার দুলাল দ্রুত বাস থেকে নেমে চলন্ত গাড়ির চাকার নিচে কাঠের টুকরো বা কোনো বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। এ সময় চলন্ত বাসের ভারী চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে তা হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুর্ঘটনার মূহূর্তে বাসের ভেতরে থাকা সাধারণ যাত্রীরা সবাই সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত অবস্থায় গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/টিএইচ