হরমুজে কোনো ‘টোল’ আদায় করা হবে না, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে ওমানের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমূজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের শুল্ক বা টোল আদায়ের কোনো পরিকল্পনা ওমানের নেই

2026-05-30T12:08:19+00:00
2026-05-30T12:08:19+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে কোনো ‘টোল’ আদায় করা হবে না, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে ওমানের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমূজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের শুল্ক বা টোল আদায়ের কোনো পরিকল্পনা ওমানের নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে আশ্বস্ত করেছে মাস্কাট। ওমান নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত ওয়াশিংটনকে এই নিশ্চয়তা দিয়েছেন বলে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন মার্কিন ট্রেজারি (অর্থ) সেক্রেটারি স্কট বেসেন্ট।

ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট জানান, ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে তার এই বিষয়ে সরাসরি কথা হয়েছে। তিনি রাষ্ট্রদূতকে সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে টোল আদায়ের যেকোনো চেষ্টা আমেরিকার কাছে ‘নন-স্টার্টার’ বা সম্পূর্ণভাবে অগ্রাহ্য। একই সঙ্গে ওমান সরকার কখনোই চাইবে না যে তাদের দেশের কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার (স্যাঙ্কশন) কবলে পড়ুক। ওমানও বিষয়টির সংবেদনশীলতা অনুধাবন করেছে।

এর আগে গত বুধবার ক্যাবিনেট বৈঠক চলাকালীন হরমূজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান ও ওমানের হাতে ছেড়ে দেওয়ার একটি স্বল্পমেয়াদি খসড়া চুক্তি প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের মিত্র ওমানকে চরম হুঁশিয়ারি দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সে সময় ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ওমানকেও সবার মতো স্বাভাবিক আচরণ করতে হবে। তারা যদি (ইরানের সাথে মিলে প্রণালী নিয়ন্ত্রণের) এমন কিছু করার চেষ্টা করে, তবে আমরা তাদের উড়িয়ে দেব (ব্লো দেম আপ)।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই রণহুঙ্কারের পরপরই ওমানের ওপর চাপ আরও বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কড়া বার্তা দেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি লেখেন, হরমূজ প্রণালীতে যেকোনো ধরনের টোল ব্যবস্থা চালুর চেষ্টা মার্কিন সরকার কোনোভাবেই সহ্য করবে না। ওমানের বিশেষভাবে জানা উচিত, এই টোল আদায়ের প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যেকোনো পক্ষ বা সহযোগীকে মার্কিন ট্রেজারি বিভাগ অত্যন্ত আগ্রাসীভাবে লক্ষ্যবস্তু করবে এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মূলত চলমান যুদ্ধাবসান ও শান্তি চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটনের কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিপরীতে টোল আদায়ের একটি প্রস্তাব দিয়েছিল তেহরান। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান যেন এই আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে কোনো অর্থ হাতিয়ে নিতে না পারে, তার জন্যই ওমানকে এই আগাম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি জোটের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান কার্যত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের মোট উৎপাদিত জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সারের দাম আকাশচুম্বী হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকে এক বড় ধাক্কা দিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে ওমানই জেনেভাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাক-চ্যানেল বা পর্দার আড়ালের মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। এমনকি যুদ্ধ চলাকালীন ওমান নিজেও ইরানের হামলার শিকার হয়েছে।

তবে ওয়াশিংটন কোনো ধরনের আপসের পক্ষে নয়। বৃহস্পতিবারই মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ)-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যারা মূলত এই টোল আদায়ের দায়িত্বে ছিল। যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, এই সংস্থাকে যে বা যারাই টোল পরিশোধ করবে, তারা পরোক্ষভাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) অর্থায়ন করছে বলে গণ্য হবে এবং তারাও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে।


/কহু


  বিষয়:   ওমান  যুক্তরাষ্ট্র  ইরান  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: