অজ্ঞান পার্টির কবলে পড়ে নিখোঁজ কৃষক উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর গাবতলী পশুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার

2026-05-30T17:03:14+00:00
2026-05-30T17:03:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অজ্ঞান পার্টির কবলে পড়ে নিখোঁজ কৃষক উদ্ধার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:০৩ পিএম 
কৃষক মুজাম বিশ্বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর গাবতলী পশুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কানাইনগর গ্রামের কৃষক মুজাম বিশ্বাস (৭০) অবশেষে উদ্ধার হয়েছেন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তাকে আশুলিয়ার জিরানী বাজার এলাকার নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুঁজে পান।

শনিবার (৩০ মে) সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং অনেক পরিচিতজনকেও ঠিকমতো চিনতে পারছেন না বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ মে) সকালে মেয়ের জামাই সুরুজ আলীকে সঙ্গে নিয়ে একটি ষাঁড় গরু বিক্রির উদ্দেশ্যে গাবতলী পশুর হাটে যান মুজাম বিশ্বাস। গরুটি ৯০ হাজার টাকায় বিক্রি করার পর নিরাপত্তার স্বার্থে বিক্রির টাকা অন্যের মাধ্যমে আগেই বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ১টার দিকে শ্বশুর-জামাই স্থানীয় বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে বলে ধারণা করা হচ্ছে। পরদিন গাজীপুর এলাকা থেকে সুরুজ আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও মুজাম বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মানবিক ভ্যানচালক আশুলিয়ার একটি সড়কের পাশে মুজাম বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার দুপুরে তার জ্ঞান ফিরলেও কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। এছাড়া তার ডান পায়ে আঘাত রয়েছে, যার কারণে স্বাভাবিকভাবে দাঁড়াতেও কষ্ট হচ্ছে।

মুজাম বিশ্বাসের ছেলে মোয়াজ্জেম বলেন, ‘বাবার নিখোঁজ হওয়ার পর আমরা সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কয়েকদিন ধরে আমাদের পরিবারে ঈদের কোনো আনন্দ ছিল না। বাবাকে ফিরে পাওয়ার আনন্দ আমাদের কাছে ঈদের আনন্দের চেয়েও বড়। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও পরিচর্যা চলছে।’

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। আইন অনুযায়ী পরিবারের পক্ষ থেকে উদ্ধার-সংক্রান্ত আরেকটি জিডি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।’

  বিষয়:   অজ্ঞান  পার্টি  নিখোঁজ  কৃষক  উদ্ধার  মানিকগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: