যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া ভারতীয় জাহাজগুলো উদ্ধারে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মোট ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ বর্তমানে ওই অঞ্চলে আটকে রয়েছে। এর মধ্যে রয়েছে একটি এলপিজি ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।
এএফপিকে দেওয়া বক্তব্যে উপেশ কুমার শর্মা বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো জাহাজগুলো নিরাপদে ভারতে ফিরিয়ে আনা। তিনি জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
এই অভিযানে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা যুক্ত রয়েছেন।
ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের দিকে যাত্রা করেছে। জাহাজটির নাম ‘নিসোস কেরোস’। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে। এটি গত ২৫-২৬ মে ওই অঞ্চল থেকে ভারতের দিকে রওনা দেয় বলে জানান উপেশ কুমার শর্মা।
তিনি আরও জানান, আটকে থাকা জাহাজগুলোতে মোট প্রায় ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু রয়েছেন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এই অভিযানের অন্যতম প্রধান অগ্রাধিকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা এবং আটকে পড়া নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
আরবিএন