শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত দেশের স্বাধীন বিচার বিভাগই গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩০ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রথম সমাধিস্থলে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের যে কালজয়ী স্বপ্ন দেখেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বপ্ন বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ আজ দেশের মানুষের সামনে নতুন করে এসেছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। ফলে জিয়াউর রহমান যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।’
অর্থমন্ত্রী দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সাংগঠনিক বার্তা দিয়ে বলেন, ‘দলের ভাবমূর্তি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ও পরিপক্ব ভূমিকা পালন করতে হবে। সবাইকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নীতি ও আদর্শের বাইরে গিয়ে এই দল পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়।’ দেশ গড়ার যে সুদূরপ্রসারী প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন, তা বাস্তবায়নে শুধু সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে আমির খসরু দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নানা কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে জিয়া পরিবারের সব সদস্যের দীর্ঘায়ু ও প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সময়ের আলো/টিএইচ