মাদারীপুরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে প্রায় ১০ লাখ টাকার মাছ হত্যার অভিযোগ উঠেছে এক চামড়া ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় এক মৎস্যচাষি, আর দুর্গন্ধে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
শনিবার (৩০ মে) রাজৈর উপজেলার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি নূর ইসলাম শেখ সরকারি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত বৃহস্পতিবার স্থানীয় চামড়া ব্যবসায়ী হারুণ ফকির কোরবানির পশুর চামড়া ওই পুকুরের পাশের একটি দোকানে সংরক্ষণ করেন। পরে চামড়া প্রক্রিয়াজাতকরণের বর্জ্য পুকুরে ফেলা হলে পানির মারাত্মক দূষণ ঘটে।
দূষণের কারণে শনিবার (৩০ মে) সকালে পুকুরের রুই, কাতলা, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ একে একে ভেসে উঠে মারা যায়। এতে মৎস্যচাষির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ক্ষতিগ্রস্ত নূর ইসলাম শেখ বলেন, তিনি ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন এবং এই ক্ষতি কাটিয়ে ওঠা তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।
অভিযুক্ত চামড়া ব্যবসায়ী হারুণ ফকির জানান, তিনি ক্ষতির বিষয়টি স্বীকার করে মৎস্যচাষির ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাছ মারা যাওয়া একটি ফৌজদারি অপরাধ, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
/এসএকে