পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সরাসরি দায়ী করেছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তীব্র ক্ষোভ প্রকাশ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শাসকরাই খুনি হয়ে গেল, বিজেপি আপনার জন্য ধিক্কার।’
শনিবার (৩০ মে) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানায়, সেখানে পৌঁছানোর পর তিনি স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়েন এবং একপর্যায়ে তাকে ঘিরে ব্যাপক ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, সেখানে উপস্থিত অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তৃণমূলের এই শীর্ষ নেতাকে লক্ষ্য করে পাথর, জুতো ও ডিম ছুড়ে মারে। শুধু তাই নয়, উত্তেজিত জনতা তাকে কিল-ঘুষি ও লাথি মারার চেষ্টাও করে এবং চারপাশ থেকে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকে।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে দাবি করেছেন, এই বিক্ষোভটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিপূর্ণ সফরকে বাধাগ্রস্ত ও পণ্ড করতেই বিজেপি সুপরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক হামলার ছক এঁকেছে বলে তীব্র অভিযোগ তুলেছেন তারা।
সময়ের আলো/জেডি