৫১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত রাজধানী ঢাকা থেকে ৫১ হাজার টনের বেশি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই

2026-05-30T21:44:20+00:00
2026-05-30T21:44:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৫১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৯:৪৪ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত রাজধানী ঢাকা থেকে ৫১ হাজার টনের বেশি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩২ হাজার ৬৬২ টন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। 

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শুরু করে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন, ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন এবং আজ শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সব মিলিয়ে ৩ দিনে মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি। 

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ দিনে মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করেছে। এর মধ্যে ঈদের দিন ১ হাজার ৮৮২টি ট্রিপের মাধ্যমে ৮ হাজার ৭৬ দশমিক ৪৮ টন, দ্বিতীয় দিন ১ হাজার ৫৮৩টি ট্রিপের মাধ্যমে ৬ হাজার ৭১৪ দশমিক শূন্য ৩ টন এবং তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ৫৫৩ টন বর্জ্য অপসারণ করা হয়।

বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন তথা শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। এখনো বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, সেসব বর্জ্যও রাতের মধ্যে এসটিএসে (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এনে ল্যান্ডফিলে অপসারণ করা হবে।”

পশুর হাট পরিষ্কারের অগ্রগতি তুলে ধরে ডিএনসিসি প্রশাসক জানান, চারটি গরুর হাট ইতোমধ্যে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। এগুলো হলো— মিরপুরের ইস্টার্ন হাউজিং, উত্তরখানের সানারপাড়, ঢাকা পলিটেকনিক এবং ৩০০ ফিট এলাকার যমুনা মাঠের হাট। বাকি ছয়টি হাটের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সেগুলোও পরিষ্কার হয়ে যাবে।

মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু তথ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করে প্রশাসক বলেন, সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সেখানে মেট্রোরেলের পাশের গ্রিল ভেঙে যাওয়া বা লিফট অচল করে দেওয়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে প্রশাসক বলেন, ‘আমাদের ৭৫২টি যানবাহন সচল ছিল। কিছু জায়গায় অল্পসংখ্যক যানবাহন বিকল হলেও অন্য স্থান থেকে ব্যবস্থা নিয়ে কাজ সচল রাখা হয়। তবে প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল; যদিও সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। এই গাফিলতির কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সময়ের আলো/জেডি


  বিষয়:   কোরবানি  বর্জ্য  অপসারণ  ঢাকা  সিটি করপোরেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: